মানিকগঞ্জের হরিরামপুরে লাকড়ি বোঝাই একটি ট্রলি খাদে পড়ে মো. আইয়ুব আলী নামে একজন কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও একজন। গতকাল বুধবার (২১ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজার-কান্ঠাপাড়া সড়কের যাত্রাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. আইয়ুব আলী (৪৮) উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত কিয়ামউদ্দিনের ছেলে। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী। আহত বজলু গায়ান ওই এলাকার নুরুল হক গায়ানের ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, উপজেলার বয়রা ইউনিয়নের যাত্রাপুর গ্রামের ব্রিজের সামনে একটি লাকড়ি বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলিটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রলিতে থাকা আইয়ুব আলী ও বজলু গায়ান আহত হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করে। অবস্থা গুরুতর হওয়ায় বজলু গায়ানকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রলির চালক পলাতক রয়েছেন।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. হাফিজুর রহমান বলেন, আইয়ুব আলী (৪৮) নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। যিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আর বজলু গায়েন নামের গুরুতর আহত একজনকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।